আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ঢাবির বড় অগ্রগতি, এশিয়ায় ৩০১-৩৫০-এর মধ্যে অবস্থান

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ন, ৩০ মে ২০২৬ | আপডেট: ৪:৫৪ অপরাহ্ন, ৩০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিক্ষা ও গবেষণায় ধারাবাহিক উন্নয়নের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সর্বশেষ প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি ৩০১-৩৫০ অবস্থানে উঠে এসেছে, যা আগের বছরের তুলনায় বড় ধরনের উন্নয়ন হিসেবে বিবেচিত হচ্ছে।

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী Times Higher Education (THE) প্রকাশিত ২০২৬ সালের এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের ৪০১-৫০০ অবস্থান থেকে উন্নীত হয়ে ৩০১-৩৫০ ব্যান্ডে স্থান পেয়েছে। এশিয়ার ৩৬টি দেশের ৯২৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে প্রকাশিত এই তালিকায় বাংলাদেশের ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান লাভ করে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে শীর্ষ অবস্থান অর্জন করেছে।

আরও পড়ুন: ঢাবি কেন্দ্রীয় মসজিদে ভিসির ঈদের নামাজ আদায়

র‍্যাঙ্কিংয়ের বিভিন্ন সূচকেও বিশ্ববিদ্যালয়টির অগ্রগতি লক্ষণীয়। গত বছরের তুলনায় সার্বিক স্কোর বৃদ্ধি পেয়ে ৩৮.৩-৪০.১-এ উন্নীত হয়েছে। একই সঙ্গে গবেষণার পরিবেশ, গবেষণার মান এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ সূচকেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, গবেষণাভিত্তিক শিক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং শিল্পখাতের সঙ্গে একাডেমিক সংযোগ জোরদারের ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে।

আরও পড়ুন: জগন্নাথ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, ছাত্রদলের তিন নেতাকে অব্যাহতি

বিভিন্ন আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে সাফল্য

সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে ধারাবাহিকভাবে উন্নতি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

QS World University Rankings-এর ২০২৬ সালের তালিকায় বিশ্ববিদ্যালয়টি বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান ধরে রেখে ৫৮৪তম অবস্থান অর্জন করেছে, যা বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ।

এছাড়া কিউএস বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগ স্থান পেয়েছে। ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মেডিসিন এবং পদার্থবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী হয়েছে।

অন্যদিকে, Times Higher Education Interdisciplinary Science Rankings-এ বিশ্বের ৯৪টি দেশের ৯১১টি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ৫২তম স্থান অর্জন করেছে। দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও এটি প্রথম স্থান লাভ করে।

গবেষণার ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়টির সাফল্য উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্রভিত্তিক স্কোপাস ডাটাবেজের তথ্য বিশ্লেষণ করে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি বৈজ্ঞানিক গবেষণা নিবন্ধ প্রকাশকারী প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে চিহ্নিত করা হয়েছে।

এছাড়া Stanford University এবং Elsevier প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন।

উপাচার্যের প্রতিক্রিয়া

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম এই অর্জনের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের অভিনন্দন জানিয়ে বলেন, গবেষণার মান, গবেষণা পরিবেশ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ সূচকে ধারাবাহিক উন্নতি ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করে।

তিনি বলেন, “শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গীকারবদ্ধ। আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, বর্তমান অগ্রগতির ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে বৈশ্বিক উচ্চশিক্ষা অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয় আরও মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করবে।

অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়কে হেয় প্রতিপন্ন করে কথা বলায় আবারও সামনে আসছে এই বিষয়গুলো।