ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের অধ্যাপকের সাক্ষাৎ
জাপানের এহিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কোজো ওয়াতানাবে সোমবার (২০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় “ঢাকা মহানগর এলাকায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) জনিত স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণে পানির গুণগত মান পর্যবেক্ষণ ও পরিশোধন প্রযুক্তি” শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। এ প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন: ঢাবিতে ২০ লাখ টাকার দুটি ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা, বৃত্তি ও গবেষণায় সহায়তা পাবেন শিক্ষার্থীরা
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাপানের এহিম বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে ঢাবিতে একটি আন্তর্জাতিক সহযোগিতামূলক গবেষণা পরীক্ষাগার এবং একটি স্যাটেলাইট অফিস স্থাপনের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশের জন্য অধ্যাপক ড. কোজো ওয়াতানাবেকে ধন্যবাদ জানান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে জাইকা এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।
আরও পড়ুন: চবি ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবন ‘FarmNexa’: স্মার্ট কৃষিতে নতুন মাইলফলক
পরে অধ্যাপক ড. কোজো ওয়াতানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীর সঙ্গেও তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
জনসংযোগ দফতর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।





