আজ থেকে চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা
বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর আজ সোমবার (২৭ জুলাই) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা পুনরায় শুরু হচ্ছে। একই সঙ্গে দেশের অন্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার রুটিন অনুযায়ী, সকাল ১০টা থেকে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে খাদ্য ও পুষ্টি প্রথম পত্র পরীক্ষা নেওয়া হবে।
আরও পড়ুন: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন শেকৃবির অধ্যাপক ড. মোছাঃ নূর মহল আখতার বানু
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) এবং তাজভিদ দ্বিতীয় পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ) অনুষ্ঠিত হবে। একই সময়ে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষায় অংশ নেবেন।
বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং সড়ক যোগাযোগের দুর্ভোগ বিবেচনায় গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। একই সঙ্গে আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষাও স্থগিত করা হয়।
আরও পড়ুন: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম
পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর গত ২৩ জুলাই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দেন, ২৭ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষা পুনরায় শুরু হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার্থীরা নিয়মিত রুটিন অনুসারেই অবশিষ্ট পরীক্ষায় অংশ নেবেন। তবে স্থগিতাদেশ জারির আগে অনুষ্ঠিত পরীক্ষাগুলো পরবর্তী সময়ে নতুন সময়সূচি প্রকাশ করে পুনরায় নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। এ সময়ে দেশের অন্য সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চলমান ছিল।
চলতি বছরে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী ১১৪টি কেন্দ্রে অংশ নিচ্ছেন। সারা দেশে পরীক্ষার জন্য নির্ধারিত হয়েছে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্র।





