রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:২৪ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা-এর নতুন উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল-আমিন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৩১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলামকে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা-এর উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তাঁর নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন-ভাতা ও পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। একই সঙ্গে তাঁকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী উপাচার্যের দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।

আরও পড়ুন: জাতীয় কবি’র ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ নিয়োগাদেশ অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

শিক্ষাবিদ হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলামের নতুন এ দায়িত্বকে ঘিরে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে আশাবাদ তৈরি হয়েছে। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম, গবেষণা, উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় নতুন গতি সঞ্চার হবে—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।