মঙ্গলবার শেষ হচ্ছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:০৫ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টায়। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ করার বিধান অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হবে।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগামী মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা নিষিদ্ধ থাকবে।

আরও পড়ুন: ফল ঘোষণায় দেরি নয়, ভোটের পরদিনই চূড়ান্ত ফল: ইসি

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ২৯৯টি সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। ফলে ৩০০ আসনের পরিবর্তে ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্র গোয়েন্দা নজরদারির আওতায় থাকবে: প্রেস সচিব

ইসি সচিবালয় সূত্র জানায়, দেশের ৪৯টি জেলায় ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার পাঠানো হয়েছে। বাকি জেলাগুলোতেও আজ রোববারের মধ্যেই ব্যালট পেপার পৌঁছে যাবে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩০০ আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে—২ লাখ ২৮ হাজার ৪৩১ জন এবং সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে—৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।

এ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ৩৪ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৫ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আরও জানান, সারা দেশে ২৯৯টি আসনে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে।

এদিকে, ঢাকা-১২ আসনে সর্বোচ্চ ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং পিরোজপুর-১ আসনে সবচেয়ে কম মাত্র ২ জন প্রার্থী রয়েছেন। নির্বাচনী দায়িত্ব পালনে প্রায় ৮ লাখ কর্মকর্তা নিয়োজিত থাকবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন।

এছাড়া, ৮১টি দেশীয় নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এর মধ্যে ৭ হাজার ৯৯৭ জন কেন্দ্রীয়ভাবে এবং ৪৭ হাজার ৪৫৭ জন স্থানীয়ভাবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষকও থাকবেন।