২৯৭ আসনের পূর্ণাঙ্গ তথ্য ওয়েবসাইটে; চট্টগ্রাম-২ ও ৪ স্থগিত, শেরপুর-৩ ও বগুড়া-৬-এ ৯ এপ্রিল ভোট
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করল ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০টি আসনের মধ্যে পূর্বে ঘোষিত ২৯৭টি আসনের কেন্দ্রভিত্তিক পূর্ণাঙ্গ ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ মার্চ) কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে এসব তথ্য আপলোড করা হয়। এর ফলে সংশ্লিষ্ট আসনের ভোটার, প্রার্থী ও নির্বাচন-পর্যবেক্ষকরা এখন থেকে প্রতিটি কেন্দ্রের পৃথক ফলাফল যাচাই করতে পারবেন—যা নির্বাচন-পরবর্তী স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ইসি সচিবালয় জানিয়েছে, দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে আইনি জটিলতা ও প্রার্থীর মৃত্যুর কারণে তিনটি আসনে ভোটগ্রহণ বা ফলাফল ঘোষণা স্থগিত থাকায় অবশিষ্ট ২৯৭টি আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল আজ প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: জুলাইয়ে প্রথম ধাপে ২০৪ ইউপিতে ভোটের প্রস্তুতি সরকারের
নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার উপস্থিতি ছিল ৫৯.৪৪ শতাংশ।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ছিল ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ছিল ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, হিজড়া পরিচয়ে ভোটার হন ১ হাজার ২৩২ জন।
আরও পড়ুন: রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি জেবেল, সম্পাদক ইকরাম ও যুগ্ম সম্পাদক লিংকন
কমিশন সূত্রে জানা যায় , আইনি জটিলতার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল বর্তমানে স্থগিত রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে আদালতে মামলা বিচারাধীন থাকায় এ দুই আসনের ফলাফল চূড়ান্ত ঘোষণা করা হয়নি। আদালতের রায় পাওয়ার পর কমিশন আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোটগ্রহণ বাতিল করা হয়। কমিশন জানিয়েছে, ওই আসনের ১২৮টি কেন্দ্রে আগামী ৯ এপ্রিল পুনঃভোট অনুষ্ঠিত হবে।
একই দিনে, অর্থাৎ ৯ এপ্রিল, বগুড়া-৬ আসনেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপি নেতা তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন-পরবর্তী ফলাফল কেন্দ্রভিত্তিকভাবে প্রকাশের মাধ্যমে কমিশন প্রক্রিয়াগত স্বচ্ছতা জোরদার করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এতে প্রার্থী ও রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ এজেন্টের তথ্যের সঙ্গে কমিশনের প্রকাশিত ফলাফল মিলিয়ে দেখার সুযোগ পাবেন। পাশাপাশি সম্ভাব্য অভিযোগ বা আইনি পদক্ষেপের ক্ষেত্রেও এই তথ্য গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ব্যবহৃত হতে পারে।
সামগ্রিকভাবে, স্থগিত তিনটি আসন ছাড়া বাকি ২৯৭টি আসনের নির্বাচনী প্রক্রিয়া এখন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো। আদালতের সিদ্ধান্ত ও নির্ধারিত পুনঃভোটের পর ত্রয়োদশ জাতীয় সংসদের পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হবে।





