চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির
দেশের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এএইচএম আনোয়ার পাশা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) সাইফুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছে ইসির প্রতিনিধি দল
এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে গত ১৮ নভেম্বর প্রকাশিত চূড়ান্ত তালিকায় ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। নতুন তালিকায় দেড় মাসে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজারের বেশি।
ইসি কর্মকর্তারা জানান, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, যাচাই-বাছাই শেষে তাদের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: এনআইডিতে ‘অ্যাডভোকেট’ যুক্তির আবেদন নাকচ: আটকে গেল হুইপ দুলুর নাম সংশোধন
ইসির সিদ্ধান্ত অনুযায়ী খসড়া তালিকা প্রকাশ করা হয় ২০ এপ্রিল। ভুল সংশোধন বা স্থানান্তরের আবেদন চলে ৩ মে পর্যন্ত। আবেদন নিষ্পত্তির সময় শেষ হয় ৬ মে।
বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা জানিয়ে এনআইডি অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলাম জানান, বর্তমান ভোটারদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন; নারী রয়েছেন ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ১ হাজার ২৪৩ জন।





