আল্লু অর্জুনকে জিএইচএমসি’র নোটিশ
দক্ষিণী জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন আবারও আইনি জটিলতায় পড়লেন। এবার অভিযোগ উঠেছে, হায়দরাবাদের জুবিলি হিলসে অবস্থিত তার পারিবারিক বহুতলটি বেআইনিভাবে নির্মিত হয়েছে। এই অভিযোগে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন (জিএইচএমসি) তাকে নোটিশ পাঠিয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানায়, ‘আল্লু বিজনেস পার্ক’ নামের ওই বহুতলেই পরিবার নিয়ে বসবাস করেন আল্লু অর্জুন। জিএইচএমসি দাবি করেছে, অনুমোদিত নকশার বাইরে গিয়ে বহুতলটি নির্মাণ করা হয়েছে। পরিদর্শনে দেখা যায়, ১১,০৩৪ বর্গফুট জমিতে সর্বোচ্চ পাঁচতলা (গ্রাউন্ড ফ্লোরসহ চার তলা) নির্মাণের অনুমতি থাকলেও সেখানে অতিরিক্ত একটি তলা নির্মাণ করা হয়েছে।
আরও পড়ুন: সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়া: পূজা চেরী
এ ঘটনায় জিএইচএমসি অভিনেতাকে ‘শো-কজ’ নোটিশ পাঠিয়ে বেআইনি নির্মাণের ব্যাখ্যা দিতে বলেছে। যদি সন্তোষজনক জবাব না পাওয়া যায় তবে ভবনের অতিরিক্ত অংশ ভেঙে ফেলা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
দুই বছর আগে নির্মিত এই বহুতলে আল্লুর পরিবারের ব্যবসার কিছু অফিসও রয়েছে। তবে এখনো আল্লু অর্জুন বা তার দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: আসছে ফেউ এর দ্বিতীয় সিজন
প্রসঙ্গত, এর আগেও আল্লু অর্জুন আইনি জটিলতায় পড়েছিলেন। গত বছর তার সিনেমা ‘পুষ্পা টু’ এর বিশেষ প্রদর্শনীতে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হলে সেই ঘটনার দায়েও তাকে ভোগান্তি পোহাতে হয়েছিল।





