ভক্তদের উদ্দ্যেশে যা বললেন বিদ্যা সিনহা মিম
দীর্ঘদিন পর দেশের রূপালি পর্দায় ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তবে এই ফেরা শুধুই নতুন কোনো সিনেমায় অভিনয়ের জন্য নয়; এর পেছনে রয়েছে ভক্তদের প্রতি তার দায়বদ্ধতা এবং দীর্ঘদিনের অপেক্ষার প্রতি সম্মান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিম জানান, তার ভক্তরা অনেক দিন ধরেই নতুন সিনেমার জন্য অপেক্ষা করছিলেন। সেই ভালোবাসা এবং অনুরোধের কথা বিবেচনা করেই তিনি নতুন একটি প্রজেক্টে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: বিজয় ও তৃষা সমবেদনা জানাতে গিয়ে ভাইরাল ভিডিও, উঠলো নতুন গুঞ্জন
মিম বলেন, “আমি কিন্তু এই ছবিটা করেছি ভক্তদের কথা চিন্তা করেই। আমার যে ফ্যান-ফলোয়াররা আছেন, তারা অনেক দিন পর আমার কোনো প্রজেক্ট দেখতে পাচ্ছেন ভেবে ভীষণ আনন্দিত। কারণ, সর্বশেষ ‘অন্তর জ্বালা’র পর বাংলাদেশে আমার কোনো সিনেমা মুক্তি পায়নি। মাঝে কলকাতায় ‘মানুষ’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। দেশের দর্শকরা শুধু একটা কথাই বলতেন—আপু, আপনার নতুন সিনেমা আসছে না কেন?”
অভিনেত্রী জানান, এই সময়ের মধ্যে তার কাছে অসংখ্য সিনেমার প্রস্তাব এসেছে। তবে গল্প, চরিত্র কিংবা কাজের পরিধি মনমতো না হওয়ায় তিনি অনেক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: তামিলনাড়ুতে নতুন সিনেমার জন্য প্রতিদিন ৫টি শোর অনুমতি
তার ভাষ্য, “মাঝের এই সময়টায় আমার হাতে প্রচুর সিনেমার প্রস্তাব এসেছে। কিন্তু কোনোটার গল্প ভালো লাগেনি, আবার কোনোটার চরিত্র পছন্দ হয়নি। অনেক সময় এমন চরিত্র অফার করা হয়েছে, যা পর্দায় খুবই সামান্য। সব মিলিয়ে মনমতো না হলে আমি কোনো প্রজেক্ট করি না। আর এই কারণেই অনেক ছবিকে ‘না’ বলতে হয়েছে।”
নতুন ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত সম্পর্কে মিম বলেন, “সব প্রজেক্টেই যখন ‘না’ বলছিলাম, তখন এই কাজটা আসে। আমার মনে হলো, অনেক লম্বা একটা গ্যাপ হয়ে যাচ্ছে, ভক্তদের জন্য এবার কিছু একটা করা দরকার। গল্প ও চরিত্র ভালো লাগায় ভাবলাম, এবার রিস্ক নিয়ে শুরু করেই দেই।
নতুন ছবির চরিত্র নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী। তার মতে, ছবিটির সবচেয়ে শক্তিশালী দিক হলো চরিত্রের গভীরতা।
মিম বলেন, “এই ছবির সবচেয়ে মৌলিক দিক হলো, আমার চরিত্রটির একটা দারুণ ডেপ্থ আছে। আমি আসলে এমন চরিত্রই খুঁজি, যার ভেতরে ঢোকা যায়। পুরো গল্পে চরিত্রটির এমন একটি ভূমিকা থাকবে, যা মানুষ সারাজীবন মনে রাখবে।”
এদিকে ভক্তদের জন্য আরও সুখবর দিয়েছেন এই তারকা। তিনি জানান, শুধু একটি সিনেমাই নয়, সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরও কয়েকটি নতুন কাজ।
মিম বলেন, “‘দিগন্তে ফুলের আগুন’ নামে আমার আরেকটি প্রজেক্ট পুরোপুরি প্রস্তুত। সিনেমাটি অন্য লেভেলের হয়েছে, যা দেখলে দর্শকরা বুঝতে পারবেন। আশা করছি খুব শিগগিরই এটি মুক্তি পাবে। এছাড়া এরই মধ্যে ‘লাইফ লাইন’ ও ‘জীবন অপেরা’র কাজ শেষ করেছি। সেগুলোও একে একে সামনে আসবে।”
নতুন সিনেমা ও একাধিক প্রজেক্টের ঘোষণায় বিদ্যা সিনহা মিমের ভক্তদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।





