১৮ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘লাস্ট স্টোরিজ ৩’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:১২ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছবি: আইএমডিবি
ছবি: আইএমডিবি

প্রেম, সম্পর্কের টানাপোড়েন, আকাঙ্ক্ষা আর মানুষের না-বলা অনুভূতির গল্প নিয়ে আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় অ্যান্থলজি ‘লাস্ট স্টোরিজ’। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয় সিজনের মুক্তির তারিখ ঘোষণা করেছে নেটফ্লিক্স। আগামী ১৮ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘লাস্ট স্টোরিজ ৩’।

শনিবার (৫ সেপ্টেম্বর) নেটফ্লিক্স ইন্ডিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সিজনের মুক্তির তারিখ প্রকাশ করে। আগের দুই সিজনের মতো এবারও থাকছে একাধিক গল্প। তবে এবারের বিশেষ আকর্ষণ চারজন ভিন্নধর্মী নির্মাতার পরিচালনা এবং তারকাবহুল অভিনয়শিল্পীদের উপস্থিতি।

আরও পড়ুন: ৮২তম জন্মদিনে আবুল হায়াত

‘লাস্ট স্টোরিজ ৩’-এর চারটি গল্প পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা ও বিশাল ভরদ্বাজ। চার নির্মাতার ভিন্ন দৃষ্টিভঙ্গিতে সম্পর্ক, আবেগ, ঘনিষ্ঠতা ও মানুষের মনস্তত্ত্বের নানা দিক উঠে আসবে এই অ্যান্থলজিতে।

নতুন সিজনে অভিনয় করেছেন রাধিকা আপ্তে, কঙ্কনা সেন শর্মা, অদিতি রাও হায়দারি, রাধিকা মদন, সানা থাম্পি, বিজয় ভার্মা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিদ্ধার্থ, আলি ফজল ও গুরফতেহ পীরজাদা।

আরও পড়ুন: নতুন সিনেমায় যুক্ত হলেন মৌসুমী

‘লাস্ট স্টোরিজ’-এর নতুন সিজন প্রসঙ্গে নেটফ্লিক্স ইন্ডিয়ার অরিজিনাল ফিল্মস বিভাগের পরিচালক রুচিকা কাপুর শেখ বলেন, অ্যান্থলজিটির জনপ্রিয়তার অন্যতম কারণ হলো প্রতিটি সিজনে নতুনভাবে গল্প বলার চেষ্টা। সাধারণ মানুষের আবেগ ও সম্পর্কের পরিচিত জায়গা থেকে গল্প শুরু হলেও শেষ পর্যন্ত সেগুলো ভিন্ন বাস্তবতা সামনে আনে।

প্রযোজক রনি স্ক্রুওয়ালার মতে, সময়ের সঙ্গে ‘লাস্ট স্টোরিজ’ সম্পর্ক ও আধুনিক ঘনিষ্ঠতার পরিবর্তনশীল রূপ তুলে ধরেছে। নতুন সিজনে চারজন ভিন্ন ঘরানার নির্মাতার যুক্ত হওয়ায় দর্শকদের জন্য আরও বৈচিত্র্যময় গল্প অপেক্ষা করছে।

উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘লাস্ট স্টোরিজ’-এর প্রথম কিস্তি। এরপর ২০২৩ সালে আসে দ্বিতীয় সিজন। এবার তৃতীয় কিস্তির মাধ্যমে আবারও সম্পর্ক ও মানুষের অন্তর্গত অনুভূতির নানা গল্প নিয়ে হাজির হচ্ছে এই জনপ্রিয় অ্যান্থলজি। আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর দেখা যাবে, নতুন গল্প ও তারকাদের নিয়ে ‘লাস্ট স্টোরিজ ৩’ দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে।