এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম‍্যাটার করে না:বাঁধন প্রসঙ্গে পরীমনি

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৩৬ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকাই চলচিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। এখন তেমন একটা অভিনয়ে না দেখা গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতা থেকে শুরু করে নিজের আকাঙ্ক্ষার কথা—সবকিছুই সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন পরীমনি। একই সঙ্গে অন্যায় ও অবিচারের বিরুদ্ধেও সোচ্চার হতে দেখা যায় তাকে। 

সম্প্রতি আজমেরী হক বাঁধন প্রসঙ্গে তেমনটাই দেখা গেছে তাকে। অভিনেত্রীকে হেনস্তা এবং সঙ্গে থাকা শিশুর কান্নার দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। 

আরও পড়ুন: শোবিজে নতুন দিগন্তের খোঁজে কনিকা

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমনি। পোস্টে তিনি লেখেন, ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম‍্যাটার করে না। করেও নাই।’

এর আগে ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও ছোট সন্তানকে নিয়ে অবস্থান করার সময় হামলা ও হেনস্তার শিকার হন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়ে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দেন। এ সময় তাকে উদ্দেশ করে গালিগালাজের পাশাপাশি শারীরিকভাবে হেনস্তা করার ঘটনাও ঘটে। পুরো ঘটনার সময় বাঁধনের সঙ্গে থাকা শিশুসন্তানকে ভয়ে কাঁদতে দেখা যায় এবং ভিডিওজুড়ে তার কান্নার শব্দ শোনা যায়।

আরও পড়ুন: বাঁধনকে ঘিরে ঘটনায় পিয়া জান্নাতুলের ক্ষোভ

সেই ঘটনা দেখেই এমন প্রতিবাদ করেন পরীমনি। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। সহশিল্পী ও সাধারণ নেটিজেনরা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।