সীতার চরিত্রে সাই পল্লবী ছাড়া অন্য কাউকে ভাবতে পারেন না রণবীর
‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে সাই পল্লবীই তার প্রথম পছন্দ বলে জানিয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। সহ-অভিনেত্রীর সততা ও ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি বলেন, সাই পল্লবীর সঙ্গে একই দৃশ্যে অভিনয় করার সুযোগ পাওয়া যেকোনো শিল্পীর জন্য সৌভাগ্যের বিষয়।
নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় রাম ও সীতার চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর ও সাই পল্লবী। অন্যদিকে, রাবণের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী তারকা যশকে। সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহের মধ্যেই সাই পল্লবীর প্রতি নিজের মুগ্ধতার কথা জানালেন রণবীর।
আরও পড়ুন: রজনীকান্তের সাথে প্রথম ছবি, অস্বস্তিকর পরিস্থিতিতে পরেছিলেন বিদ্যা
তেলুগু টক শো ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা উইথ জগপতি’র দ্বিতীয় মৌসুমের প্রথম পর্বে অতিথি হিসেবে হাজির হবেন সাই পল্লবী। আগামী ১৬ অক্টোবর তেলুগু জি৫-এ প্রচারিত হতে যাওয়া এই পর্বের একটি প্রোমোতে রণবীর কাপুরের ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে।
সেখানে সাই পল্লবীর উদ্দেশে রণবীর বলেন, ‘তোমার যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লাগে, তা হলো তোমার সততা। তোমার মতো একজন সহ-অভিনেত্রীর সঙ্গে একই দৃশ্যে কাজ করার সুযোগ পেলে যেকোনো অভিনেতাই নিজেকে ভাগ্যবান মনে করবেন। আর সীতার চরিত্রের ক্ষেত্রে সত্যি বলতে, তোমাকে ছাড়া অন্য কাউকে আমি কল্পনাই করতে পারি না। দর্শক তোমাকে এক নতুনভাবে দেখতে পাবেন। সেই মুহূর্তের জন্য আমি অপেক্ষা করছি।’
আরও পড়ুন: আবুধাবিতে শাহরুখের সঙ্গীত উৎসব
এ সময় তেলুগুভাষী দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন রণবীর। তেলুগু ভাষায় তিনি বলেন, ‘মী প্রেমাকে না ধন্যবাদেলু’, যার অর্থ ‘আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ’। রণবীরের এমন প্রশংসাসূচক বার্তা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন সাই পল্লবী। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘কত মিষ্টি!’
দুই পর্বে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘রামায়ণ’ সিনেমাটির। পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্ব ২০২৬ সালের ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দ্বিতীয় পর্ব মুক্তির সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের দীপাবলি।





