হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, সাড়ে ৩ মাসে প্রাণ গেল ৭১৬ জনের

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ন, ২৯ জুন ২০২৬ | আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন, ৩০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭১৬ শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ডেন্টাল টেকনোলজিস্টদের মামলার রায় নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান

প্রতিবেদন অনুযায়ী, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ শিশু। এর মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৪১ জনের এবং হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৪ শিশুর।

সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৬২ জনে। এর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে ১ লাখ ২১১ শিশুর এবং পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৫১ শিশুর।

আরও পড়ুন: হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৭০০

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন ঢাকার, একজন সিলেটের এবং একজন ময়মনসিংহের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩ হাজার ৮০৬ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮০ হাজার ১৯৩ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬২ শিশু। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৪১ শিশু।