২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৯

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:০৯ অপরাহ্ন, ১৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন শিশুর ক্ষেত্রে হাম নিশ্চিত করা হয়েছে, আর বাকি ৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

আরও পড়ুন: হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৭৩

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৭২৯ শিশু। এ সময় নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৩০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৫৬ শিশু।

আরও পড়ুন: হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা ১৭ হাজার ২৪ জন। তাদের মধ্যে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯৫৪ জন। এদের মধ্যে ২ হাজার ৭২১ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ হাজার ৩৬৯ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্যে দেখা যায়, হামে মারা যাওয়া দুই শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের।

এ সময় সর্বোচ্চ ৭৬ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। দেশের অন্যান্য বিভাগে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কার্যক্রম জোরদার এবং শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।