ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯
দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন। চলতি বছরে এক দিনে এটিই সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির রেকর্ড।
এর আগে গত ১৬ আগস্ট এক দিনে সর্বোচ্চ ৮০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯২৮
রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৩৯ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ২৮ জন। এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবায় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদ সৃষ্টির দাবি
নতুন ৮৩৯ জনসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯২৯ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৭৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৮৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে ২৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ১৫৯ জন, বরিশালে ১১৭ জন, চট্টগ্রামে ১০০ জন, ময়মনসিংহে ৭৯ জন এবং রাজশাহী বিভাগে ৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। এক দিনে রোগী ভর্তির নতুন রেকর্ড পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।





