ইরান হুঁশিয়ারি দিলো
লেবাননে দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাস লক্ষ্য
লেবাননে ইরানি দূতাবাসে কোনো ধরনের হামলা ঘটলে, বিশ্বজুড়ে থাকা সব ইসরায়েলি দূতাবাসকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বুধবার দেশের জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এই ঘোষণা দেন।
বৈরুতের ইরানি কূটনৈতিক মিশনে ইসরায়েলি হামলার হুমকির প্রসঙ্গে শেকারচি বলেন, “ইসরায়েল নামের অপরাধী রাষ্ট্রটি বারবার আন্তর্জাতিক সীমানা ও রীতিনীতির তোয়াক্কা না করার প্রমাণ দিয়েছে।”
আরও পড়ুন: যুদ্ধের প্রভাবে তেলের দাম হু হু করে বাড়ছে, চাপ পড়ছে বিশ্ব অর্থনীতিতে
তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান আন্তর্জাতিক বিবেচনাবোধ এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখে সংযম প্রদর্শন করেছে, যদিও ইরানের যথেষ্ট সামর্থ্য রয়েছে।
শেকারচি বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনও দেশের সঙ্গে ইরানের কোনো ধরনের শত্রুতা নেই।”
আরও পড়ুন: ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা রাখে না, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত: খামেনির উপদেষ্টা
ইসরায়েলি হুমকির জবাবে তিনি বলেন, “লেবাননে ইরানি দূতাবাসে কোনো আঘাত এলে ইরান বিশ্বজুড়ে থাকা সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে। যদি ইহুদিবাদী গোষ্ঠী এমন আগ্রাসন চালায়, আমরা নিঃসন্দেহে পাল্টা জবাব দেব।”
চলমান সংঘাতে ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে পরাস্ত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন শেকারচি। তিনি বলেন, “এই লক্ষ্য অর্জনে ইরান তার সংকল্প থেকে বিন্দুমাত্র বিচ্যুত হবে না।”
সূত্র: এএফপি





