ইরান নয়, সৌদির আরামকোতে হামলা চালায় ইসরাইল

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ১:২৫ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদভিত্তিক রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি আরামকো স্থাপনায় হামলাকে ইসরাইলের ‘ফলস ফ্ল্যাগ’ বা ভুয়া পরিচয়ে চালানো গোপন অপারেশন বলে দাবি করেছে একটি ইরানি সামরিক সূত্র। তাদের ভাষ্য অনুযায়ী, ইরানে আক্রমণের দায় থেকে আঞ্চলিক দেশগুলোর মনোযোগ সরাতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি-কে দেওয়া সাক্ষাৎকারে সূত্রটি জানায়, ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা অঞ্চলে মার্কিন ও ইসরাইলি সম্পদ ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং ইতোমধ্যে অনেক জায়গায় হামলা চালানো হয়েছে। তবে আরামকোর স্থাপনাগুলো এখন পর্যন্ত ইরানের লক্ষ্যবস্তু ছিল না বলেও দাবি করা হয়।

আরও পড়ুন: হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি ইরানের

সূত্রটি আরও দাবি করে, গোয়েন্দা তথ্যানুযায়ী ফুজাইরাহ বন্দর-ও ইসরাইলের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে।

এর আগে খবরে বলা হয়, ইরানের ড্রোন সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারে আঘাত হেনেছে। ইসরাইলি সংবাদমাধ্যম The Times of Israel-এর প্রতিবেদনে জানানো হয়, সোমবার (২ মার্চ) হামলার পর স্থাপনায় আগুন লাগে, যদিও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদক প্রদান

রাস তানুরা সৌদি আরবের পূর্ব উপকূলে অবস্থিত মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ তেল শোধনাগার। জ্বালানি অবকাঠামোতে এমন হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

‘ফলস ফ্ল্যাগ’ কী?

‘ফলস ফ্ল্যাগ’ বা মিথ্যা পতাকা কৌশল হলো এমন এক ধরনের গোপন অভিযান, যেখানে প্রকৃত হামলাকারী নিজেকে আড়ালে রেখে অন্য পক্ষকে দায়ী করার চেষ্টা করে। এর উদ্দেশ্য হতে পারে—প্রতিপক্ষের ওপর দোষ চাপানো, সামরিক পদক্ষেপের অজুহাত তৈরি করা বা জনমতকে বিভ্রান্ত করা।