ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার হুমকি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে দেশটির ‘বাকি অংশটুকুও ধ্বংস’ করে দেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে ইরান নিয়ে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে শিগগিরই জানা যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
আরও পড়ুন: মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত
ট্রাম্প বলেন, এখন যুক্তরাষ্ট্রকে একটি সিদ্ধান্ত নিতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি আর তৈরি না হয়, সে জন্য সামরিক পদক্ষেপ আরও বাড়ানো হবে কি না, তা বিবেচনা করা হচ্ছে।
ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, সম্ভব হলে দেশটির অবশিষ্ট অংশ ধ্বংস করতে চান না। তবে পরিস্থিতির কারণে হয়তো সে পথেও যেতে হতে পারে। এ বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া
মার্কিন প্রেসিডেন্টের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে শুরু হওয়া যুদ্ধে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও সামরিক সক্ষমতা পুনর্গঠনে ২৫ বছর পর্যন্ত সময় লাগতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে কোনো প্রস্তাব পাঠিয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরান কিছুই করছে না।
তবে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের বিষয়ে বক্তব্য দিলেও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দিষ্ট সময়সীমা জানাননি ট্রাম্প।





