নেপালে ভারী বর্ষণে বন্যা ও ভূমিধসে হতাহত ২৬
হিমালয় অধ্যুষিত দেশ নেপালের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা-ভূমিধসে ২৫ জন নিখোঁজসহ অন্তত ১ জন নিহত হয়েছেন। রবিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে চলতি বর্ষা মৌসুমের বৃষ্টিপাত শুরুর পর এটিই প্রথম প্রাণহানির ঘটনা।
দেশটির সরকারি কর্মকর্তা বিমল পাউডেল বলেছেন, প্রবল বর্ষণে পূর্ব নেপালের সাংখুয়াসভা জেলার হেওয়া নদীর ওপর নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্প ভেসে গেছে। এতে এই প্রকল্পের ১৬ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন।
আরও পড়ুন: জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল
তিনি বলেন, নিখোঁজ শ্রমিকদের সন্ধানে বন্যা কবলিত এলাকায় তল্লাশি চালিয়ে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এছাড়া ভারত-সীমান্ত লাগোয়া দেশটির পূর্বাঞ্চলের তাপলেজুং ও পাঁচথার জেলায় আকস্মিক বন্যা এবং ভূমিধসে ৯ জন নিখোঁজ হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বাড়ানোর খসড়া চুক্তি, কমেছে বিশ্ববাজারে তেলের দাম
পাঁচথার জেলার সরকারি কর্মকর্তা গৌরব ধাকাল বলেছেন, রাতভর প্রবল বৃষ্টিপাতের কারণে মেচি হাইওয়ের দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বর্ষণের ফলে প্রত্যন্ত তাপলেজুং জেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জেলায় চারজন নিখোঁজ রয়েছেন।
কর্মকর্তারা বলেছেন, ভারী বৃষ্টির কারণে উদ্ধারকর্মীরা পাহাড়ি সিডিংওয়া গ্রামে পৌঁছাতে পারছেন না। সেখানকার অন্তত ২০টি বাড়ি পানির স্রোতে ভেসে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
নেপালে ফসলের আবাদের জন্য বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুনের মাঝামাঝি সময়ে দেশটিতে বর্ষা মৌসুম শুরু হয় এবং বৃষ্টিপাত চলতে থাকে সেপ্টেম্বর পর্যন্ত।
দেশটিতে প্রতি বছর প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে শত শত মানুষের প্রাণহানি ঘটে এবং অনেক গ্রাম, অবকাঠামো ও জমির ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।





