মানবতাবিরোধী অপরাধ মামলায় আকরাম হোসেন খালাস
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী–এর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
আরও পড়ুন: রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের স্ত্রী, গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি পুলিশের
এর আগে গতকাল আপিলের ওপর রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়।
২০১৫ সালের ১১ আগস্ট একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই রায়ে বাগেরহাটের খান মো. আকরাম হোসেনকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন: গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে
রায়ের দিন সকালেই সিরাজ ও আকরামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায়ে বলা হয়, মামলার তিন আসামির মধ্যে সিরাজুল হকের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের পাঁচটি এবং আকরামের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের একটি প্রমাণিত হয়েছে।
প্রমাণিত পাঁচ অভিযোগে সিরাজকে ফায়ারিং স্কোয়াডে অথবা ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেওয়া হয়। আর প্রমাণিত এক অভিযোগে আকরামকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।
পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন খান আকরাম হোসেন। আপিল শুনানি শেষে আজ তাকে খালাস দিলেন আপিল বিভাগ।
এ মামলার আরেক আসামি আবদুল লতিফ তালুকদার বিচারাধীন অবস্থায় মারা যাওয়ায় তাকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়।





