থাইল্যান্ডে কারখানায় বিস্ফোরণ, নিহত ২৩
থাইল্যান্ডে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে ২৩ জন নিহত হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় সুফান বুরি প্রদেশের সালা খাও শহরে একটি আতশবাজির কারখানায় গতকাল বুধবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে থাকা উদ্ধারকর্মীদের সরবরাহ করা ছবিতে দেখা যায়, বিস্ফোরণস্থলের আশপাশে ধাতব আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। খবর এএফপির।
থাইল্যান্ডের এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল (ইওডি) গ্রুপের উদ্ধৃতি দিয়ে সুফান বুরি প্রদেশের গভর্নর নাট্টাপাত সুয়ারপ্রতিপ বলেন, ‘আমরা ইওডির মাধ্যমে জানতে পেরেছি, সেখানে ২৩ জন মারা গেছে।’ তবে কী কারণে বিস্ফোরণ ঘটল সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
আরও পড়ুন: নেপাল-তিব্বত সীমান্তে নতুন করে উপচে পড়ল হ্রদ, প্রাণে বাঁচতে ফের ছুটছে মানুষ
নাট্টাপাত বলেন, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। তিনি জানান, কারখানাটির বৈধ লাইসেন্স নিয়ে পরিচালিত হচ্ছিল।
পুলিশ কর্মকর্তারা জানান, বিস্ফোরণে আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়নি।
আরও পড়ুন: নেপালে মানবিক বিপর্যয়: বন্যায় ভেসে গেছে মরদেহ, মর্গেও জায়গা নেই
একজন পুলিশ কর্মকর্তা জানান, সরকারিভাবে এখনও মৃতের সংখ্যা নিরূপণ করা যায়নি, তবে কমপক্ষে ২০ জন মারা গেছে। ওই কর্মকর্তা আরও জানান, আশপাশের এলাকায় প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং মরদেহ শনাক্তের কাজ চলছে। তিনি বলেন, ‘কারখানাটিতে ২০ থেকে ৩০ জন কর্মী কাজ করতেন।’
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেত্থা থাভিসিন এক অনলাইন বার্তায় বিস্ফোরণে নিহত লোকজনের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি বিস্ফোরণের কারণ তদন্ত করার জন্যও নির্দেশ দিয়েছেন।





