পরমাণু আলোচনা চলাকালে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চলাকালে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় ওমানি দূতের বাসভবনে দুই দেশের প্রতিনিধিদের বৈঠকের সময়ই তেহরান এ ঘোষণা দেয়।
বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সামরিক মহড়া ও নৌ-নিরাপত্তার স্বার্থে কয়েক ঘণ্টার জন্য প্রণালিটি বন্ধ রাখা হয়েছে। এ মহড়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী লাইভ মিসাইল নিক্ষেপ করেছে। বিশ্লেষকদের মতে, ১৯৮০-এর দশকের পর এই প্রথম ইরান আন্তর্জাতিকভাবে এত গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের ঘোষণা দিল।
আরও পড়ুন: জেনেভায় যুক্তরাষ্ট্র–ইরান পরমাণু আলোচনা শেষ, সমঝোতা হয়নি
সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্বের শক্তিশালী সেনাবাহিনীও এমন আঘাত পেতে পারে, যেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর শক্তিবৃদ্ধির দিকে ইঙ্গিত করেন।
তবে ভিন্ন সুর শোনা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বক্তব্যে। জেনেভায় জাতিসংঘ নিরস্ত্রীকরণ সম্মেলনে তিনি বলেন, আলোচনার মাধ্যমে টেকসই সমাধানে পৌঁছানোর একটি নতুন সুযোগ তৈরি হয়েছে। একইসঙ্গে তিনি জানান, যে কোনো আগ্রাসন মোকাবিলায় ইরান প্রস্তুত।
আরও পড়ুন: সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু পবিত্র রোজা
মার্কিন প্রতিনিধি দলে নেতৃত্ব দেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। যদিও তারা সরাসরি মন্তব্য করেননি, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জানান, আলোচনা কিছু ক্ষেত্রে ইতিবাচক হয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত কিছু ‘রেড লাইন’ এখনো ইরান মেনে নেয়নি।
গত সপ্তাহে ট্রাম্প বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেন, যা আগে থেকেই অবস্থান করা ইউএসএস আব্রাহাম লিঙ্কন–এর সঙ্গে যোগ দিচ্ছে। এই পাল্টাপাল্টি সামরিক অবস্থান ও গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হলেও, আলোচনার ইতিবাচক ইঙ্গিত পাওয়ার পর দাম কিছুটা কমেছে।
এখন নজর আগামী দুই সপ্তাহের দিকে—ইরান যে বিস্তারিত প্রস্তাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তা দীর্ঘদিনের পারমাণবিক অচলাবস্থা নিরসনে কতটা কার্যকর হয়।





