পারমাণবিক চুক্তি

ইরানকে ১০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:১৮ পূর্বাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:১৮ পূর্বাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পারমাণবিক চুক্তি করতে ইরানকে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে “খারাপ কিছু” ঘটতে পারে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এর জবাবে পাল্টা হুমকি দিয়েছে ইরান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গাজার বোর্ড অব পিসের এক সম্মেলনে ট্রাম্প এ সময়সীমা ঘোষণা করেন।

আরও পড়ুন: ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

জাতিসংঘে ইরানের চিঠি

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস-এর কাছে লেখা এক চিঠিতে জানান, ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে।

আরও পড়ুন: ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে ইরান

চিঠিতে উল্লেখ করা হয়, ইরান যুদ্ধ চায় না। তবে তাদের ওপর হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে এবং এর সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে।

সীমিত হামলার পরিকল্পনা?

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের ওপর প্রথমে সীমিত হামলার পরিকল্পনা থাকতে পারে যুক্তরাষ্ট্রের। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে সরকারি ভবন ও নিরাপত্তা বাহিনীর অবকাঠামোর কথা উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এর মাধ্যমে ইরানকে নতুন পারমাণবিক চুক্তিতে রাজি করাতে চাপ সৃষ্টি করা হতে পারে। এরপরও যদি তেহরান যুক্তরাষ্ট্রের শর্ত না মেনে নেয়, তাহলে বড় পরিসরে হামলা চালানো হতে পারে, যার লক্ষ্য হবে আয়াতুল্লাহ আলী খামেনি নেতৃত্বাধীন সরকারের পতন।

উভয় পক্ষের পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।