ইরানে অভিযান চার সপ্তাহ চলতে পারে: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সফল করতে চার সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২ মার্চ) ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইল-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুরু থেকেই এ অভিযানকে চার সপ্তাহের একটি প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়েছে।
আরও পড়ুন: ইরানবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
ট্রাম্পের ভাষায়, “আমরা হিসেব করে দেখেছি, এটি চার সপ্তাহ বা তার কাছাকাছি সময় নেবে।” তিনি আরও বলেন, আক্রমণ যত শক্তিশালীই হোক না কেন, ইরান একটি বড় দেশ—তাই পুরো অভিযান শেষ করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
আলোচনার পথ খোলা
আরও পড়ুন: ইরানে নতুন হামলায় ৪৩ সেনা নিহত: আল-জাজিরা
সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি এখনও ইরানের সঙ্গে আলোচনার পথ পুরোপুরি বন্ধ করেননি। তবে সেই আলোচনা শিগগিরই হবে কি না—এ বিষয়ে নিশ্চিত কিছু বলেননি।
তার ভাষায়, “তারা কথা বলতে চায়, কিন্তু আমি বলেছি—তোমাদের গত সপ্তাহে কথা বলা উচিত ছিল, এই সপ্তাহে নয়।”
আরও প্রাণহানির আশঙ্কা
এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, চলমান অভিযানে আরও মার্কিন সেনার প্রাণহানি ঘটার সম্ভাবনা রয়েছে। তবে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান বন্ধ হবে না।
তিনি বলেন, “এই মুহূর্তে পূর্ণ শক্তিতে অভিযান চলছে এবং আমাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্যগুলো অত্যন্ত সুদৃঢ়।”
তবে সেই লক্ষ্যগুলোর বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি।





