ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতে সরাসরি ফ্রান্স
ভূমধ্যসাগরে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতে প্রথমবারের মতো সরাসরি অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ফ্রান্সের পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী চার্লস দ্য গল-কে ভূমধ্যসাগরে মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ম্যাক্রোঁ বলেন, ২ মার্চ ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূমধ্যসাগরীয় অঞ্চল সাইপ্রাসে ব্রিটেনের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে। সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় জোটের সনদ অনুযায়ী তার নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে ফ্রান্স।
আরও পড়ুন: সরকার পতনের চেষ্টা হলে পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি ইরানের
তিনি জানান, চার্লস দ্য গল ইতোমধ্যে বাল্টিক সাগর থেকে ভূমধ্যসাগরের উদ্দেশে রওনা হয়েছে এবং বুধবার সন্ধ্যার মধ্যে সেখানে পৌঁছাবে।
ম্যাক্রোঁ বলেন, “এই মুহূর্তে সাইপ্রাসের নিরাপত্তা সহায়তা প্রয়োজন। এ কারণেই আমি যুদ্ধবিমান ও চার্লস দ্য গল-কে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।”
আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে কুর্দি যোদ্ধাদের স্থল অভিযান শুরু
ফ্রান্সের প্রেসিডেন্ট আরও জানান, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ফ্রান্সের নিরাপত্তা চুক্তি রয়েছে। এছাড়া জর্ডান ও ইরাকের সঙ্গেও নিরাপত্তা বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি আছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে এসব চুক্তি ও প্রতিশ্রুতির প্রতি ফ্রান্স দায়িত্বশীল থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
ভাষণের শেষাংশে ম্যাক্রোঁ বলেন, “আমাদের অবস্থান থেকে যতটা সম্ভব, আমরা প্রচেষ্টা চালিয়ে যাব।”





