মার্কিন আধিপত্যের অবসানের ইঙ্গিত দিচ্ছে ইরান

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:০৭ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাম্প্রতিক এক্স পোস্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর উদ্দেশ্যে দেওয়া ওই বার্তার প্রেক্ষিতে এক বিশেষজ্ঞ মন্তব্য করেছেন, ইরান উপসাগরীয় আরব দেশগুলোকে জানাতে চাইছে যে এই অঞ্চলে মার্কিন আধিপত্যের যুগ শেষের পথে।

বার্তা সংস্থা সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বাহরাইনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (IISS) মধ্যপ্রাচ্য নীতি বিষয়ক সিনিয়র ফেলো হাসান আল হাসান। তিনি বলেন, ইরানের এই বার্তা মূলত আঞ্চলিক শক্তির ভারসাম্যে পরিবর্তনের একটি কৌশলগত ইঙ্গিত।

আরও পড়ুন: আরব সাগরে বিপদগ্রস্ত জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

খামেনি তার পোস্টে উপসাগরীয় প্রতিবেশীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা এক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করছেন। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করুন, সঠিকভাবে অনুধাবন করুন এবং সঠিক পক্ষে অবস্থান নিন।” তিনি ‘শয়তানদের’ মিথ্যা প্রতিশ্রুতি সম্পর্কে সতর্ক থাকার আহ্বানও জানান।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত চাপের মধ্যেও টিকে থাকাকে ‘অলৌকিক’ হিসেবে তুলে ধরতে চেয়েছেন খামেনি। সাম্প্রতিক সংঘাতে ইরান নিজেদের শক্ত অবস্থানে দেখতে পাচ্ছে বলেও ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক ঘিরে অনিশ্চয়তা, লেবানন ইস্যুতে জট

হাসান আল হাসান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণ প্রতিহত করা, ওয়াশিংটনকে যুদ্ধবিরতিতে সম্মত করতে বাধ্য করা এবং হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ সুসংহত করার পর তেহরান এখন নিজেকে আরও প্রভাবশালী মনে করছে।

তবে তিনি সতর্ক করে বলেন, উপসাগরীয় আরব দেশগুলো খামেনির আহ্বানকে সহজভাবে নেবে না। কারণ সংঘাত চলাকালে এসব দেশ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

আল হাসান আরও বলেন, যুদ্ধের সময় আরব দেশগুলো ইরানের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিল। ফলে ভবিষ্যতেও তারা ইরানের প্রভাব বা নিয়ন্ত্রণ মেনে নেবে—এমন সম্ভাবনা খুবই কম।