মার্কিন প্রতিনিধিদল পৌঁছানোর আগেই ইসলামাবাদ ছাড়লেন ইরানি প্রতিনিধিদল
মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছানোর আগেই ইসলামাবাদ সফর শেষ করে দেশে ফিরেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার (২৫ এপ্রিল) দিনব্যাপী উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি নিজ দেশে ফেরেন।
ইসলামাবাদে অবস্থানকালে ইরানি প্রতিনিধি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান অসীম মুনির-এর সঙ্গে দফায় দফায় বৈঠক করে। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি, নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: আব্বাস আরাঘচির সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শেহবাজ শরিফ জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অত্যন্ত উষ্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে তারা একমত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার জানান, প্রায় দুই ঘণ্টাব্যাপী ওই বৈঠকে প্রধানমন্ত্রী সংলাপ ও কূটনীতির গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য আলোচনার বিকল্প নেই।
আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় শান্তির আভাস, নতুন প্রস্তাবের অপেক্ষায় ট্রাম্প
এদিকে, হোয়াইট হাউস-এর প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল শনিবার পাকিস্তানে পৌঁছাবে। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিশেষ দূত স্টিভ উইটকভ ও তার জামাতা জ্যারেড কুশনার থাকবেন।
তেহরান জানিয়েছে, আব্বাস আরাঘচির এই সফর একটি ত্রিদেশীয় আঞ্চলিক সফরের অংশ। তবে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কোনো দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।





