ওয়াশিংটনে গুলিবর্ষণের সঙ্গে ইরানের যোগসূত্র নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ঘটে যাওয়া গুলিবর্ষণের ঘটনার সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ঘটনায় তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এ হামলাকে অত্যন্ত গুরুতর হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, শিগগিরই এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে।
আরও পড়ুন: ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেল বলেন, তদন্তকারীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্রগুলো পরীক্ষা করে দেখছেন। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিও নেওয়া হচ্ছে।
ওয়াশিংটনের পুলিশপ্রধান জেফরি ক্যারল জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল। তবে এখন পর্যন্ত এ ঘটনায় আর কোনো সন্দেহভাজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।
আরও পড়ুন: ওয়াশিংটনে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ট্রাম্পকে
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এক নৈশভোজ অনুষ্ঠানে হঠাৎ গুলির শব্দ শোনা যাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটে ওয়াশিংটন হিল্টন হোটেল-এ আয়োজিত এক নৈশভোজে, যেখানে হোয়াইট হাউস কভার করা সাংবাদিকরা উপস্থিত ছিলেন। টেলিভিশন ফুটেজে দেখা যায়, ট্রাম্প ডিনার টেবিলে বসে থাকার সময় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে নিরাপত্তা সদস্যরা তাকে ঘিরে ফেলেন।কিছু গণমাধ্যম জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। নিরাপত্তা বাহিনীর একজন সদস্য বার্তা সংস্থা এপিকে জানান, একজন বন্দুকধারী হোটেলে ঢুকে গুলি চালায়।
সূত্র: মিডল ইস্ট আই





