৬ জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত, মহামারির আশঙ্কা নেই: ডব্লিউএইচও
বিশ্বজুড়ে হান্টাভাইরাস সংক্রমণ নিয়ে উদ্বেগ তৈরি হলেও এটিকে নতুন কোনো মহামারির সূচনা হিসেবে দেখছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত ছয়জনের দেহে ভাইরাসটির সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং এদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, একটি প্রমোদতরীতে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সন্দেহভাজন আটটি ঘটনার তদন্ত করা হয়। এর মধ্যে পরীক্ষাগারে ছয়টি সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং সবগুলোই অ্যান্ডিস হান্টাভাইরাস হিসেবে শনাক্ত করা হয়েছে।
আরও পড়ুন: আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ প্রত্যাখ্যান ইরানের
সংস্থাটি জানায়, গত ৮ মে পর্যন্ত মোট আটজনের মধ্যে সংক্রমণের উপসর্গ পাওয়া গেছে। বর্তমানে আক্রান্ত চারজন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, জাহাজে থাকা মার্কিন নাগরিকদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে তাদের যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।
আরও পড়ুন: কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু
প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ২ মে প্রাদুর্ভাবের খবর প্রকাশের সময় জাহাজটিতে ১৪৭ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। এর আগেই আরও ৩৪ জন জাহাজ ত্যাগ করেছিলেন।
ক্রুজ অপারেটর Oceanwide Expeditions জানিয়েছে, বর্তমানে জাহাজটিতে ১৭ জন মার্কিন নাগরিক রয়েছেন। জাহাজটি ৬ মে কাবো ভার্দে ত্যাগ করে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করে।
ডব্লিউএইচওর ধারণা, প্রথম আক্রান্ত ব্যক্তি জাহাজে ওঠার আগেই সম্ভবত আর্জেন্টিনা ও চিলি সফরের সময় সংক্রমিত হয়েছিলেন। পরে জাহাজের ভেতরে অন্যদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।
সংস্থাটি জানিয়েছে, বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য এই ভাইরাসের ঝুঁকি বর্তমানে কম হলেও জাহাজের যাত্রী ও ক্রুদের জন্য মাঝারি মাত্রার ঝুঁকি রয়েছে।





