কুয়েতের মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা ইরানের

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ন, ২৮ মে ২০২৬ | আপডেট: ৬:২৮ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের বন্দর আব্বাসে মার্কিন নৌবাহিনীর বোমা হামলার জবাবে কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বন্দর আব্বাসে মার্কিন বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। তাদের দাবি, যে ঘাঁটি থেকে ইরানের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছিল, সেই ঘাঁটিকেই লক্ষ্য করা হয়েছে।

আরও পড়ুন: হুতি হামলায় বিপর্যস্ত সৌদি

তবে কোন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করেনি আইআরজিসি।

বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে ওয়াশিংটন নতুন করে হামলা চালালে ইরানের জবাব হবে “আরও নিখুঁত ও সিদ্ধান্তমূলক”।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

এর আগে বুধবার গভীর রাতে ইরানের বন্দর আব্বাস এলাকায় হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হরমুজ প্রণালিতে মার্কিন পতাকাবাহী একটি ট্যাংকার লক্ষ্য করে ইরানের পক্ষ থেকে ড্রোন নিক্ষেপের ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে বন্দর আব্বাসে আইআরজিসির একটি ড্রোন পরিচালনা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়।

আইআরজিসির দাবি, মার্কিন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে পাল্টা আঘাত হানা হয়েছে।

সূত্র: এএফপি