ইরাকে যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১
ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের কাছে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং আরও ১৯ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৮ জুন) স্থানীয় পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
আরও পড়ুন: নেপাল-তিব্বত সীমান্তে নতুন করে উপচে পড়ল হ্রদ, প্রাণে বাঁচতে ফের ছুটছে মানুষ
পুলিশ ও চিকিৎসা সূত্র জানায়, রোববার বিকেলে নাসিরিয়া শহরের কাছের একটি ব্যস্ত মহাসড়কে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যানবাহনটি উল্টে যায়। এরপর মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করেন। আহত ১৯ জনকে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: নেপালে মানবিক বিপর্যয়: বন্যায় ভেসে গেছে মরদেহ, মর্গেও জায়গা নেই
ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
নাসিরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক। তাদের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে এবং নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বাসচালক কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ইরাকে অনিয়ন্ত্রিত গতিতে যানবাহন চালানো, সড়ক অবকাঠামোর দুর্বলতা এবং ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়নের ঘাটতির কারণে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। ফলে দেশটিতে সড়ক নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে।





