ভেনেজুয়েলার পর জাপানেও ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর পূর্ব এশিয়ার দেশ জাপানেও অনুভূত হয়েছে শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, জাপানে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৯।
ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার আহ্বানও জানিয়েছেন তিনি।
মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা বলেন, এ ভূমিকম্প থেকে সুনামির কোনো ঝুঁকি নেই। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি দেশের পারমাণবিক স্থাপনাগুলোতেও কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি।
আরও পড়ুন: ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭ শতাধিক
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুজি শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ৫১ দশমিক ৭ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
ভূমিকম্পের প্রভাবের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জাপানের ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি (জেআর ইস্ট) শিন-আওমোরি থেকে টোকিও পর্যন্ত বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





