নিখোঁজ ৫০ হাজার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৫ হাজার

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ন, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ২:৫৯ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভেনেজুয়েলায় গত জুনে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩০ জনে। তবে জাতিসংঘের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এখনও প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ থাকতে পারেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশটির আইনপ্রণেতা হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানান। প্রায় এক মাস আগে সংঘটিত এই দুর্যোগে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আরও পড়ুন: ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম

সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছেন। এছাড়া ২১ হাজার ১২০ জন বর্তমানে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

ভূমিকম্পের পর থেকেই উদ্ধারকাজ চলছে। তবে স্থানীয়দের অভিযোগ, সরকারের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম প্রত্যাশার তুলনায় ধীরগতির।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

ভূমিকম্পে বাস্তুচ্যুত সিনথিয়া পুলিদো আল জাজিরাকে বলেন, ভূমিকম্পের পর প্রথম মুহূর্তে সাধারণ মানুষই উদ্ধারকাজে এগিয়ে এসেছিল। সরকারের তৎপরতা এখন দেখা যাচ্ছে। আমরা এখনও সহায়তার অপেক্ষায় আছি।

আরেক বাস্তুচ্যুত লুইসমারেজ পায়েজ বলেন, “যা পাচ্ছি, তা দিয়ে শুধু নিজের বেঁচে থাকা, সন্তানদের দেখাশোনা এবং মাকে সহায়তা করার চেষ্টা করছি।” তিনি জানান, তার মা সরকারি কোনো সহায়তা পাচ্ছেন না।

নিষেধাজ্ঞায় বাড়ছে সংকট

বিশ্লেষকদের মতে, ২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে দুর্যোগ মোকাবিলায় ভেনেজুয়েেলার সরকার আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।

সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চের সহপরিচালক মার্ক ওয়েইসব্রট বলেন, ভেনেজুয়েলার এমন গুরুত্বপূর্ণ আর্থিক সম্পদ রয়েছে, যা দেশটি ব্যবহার করতে পারছে না। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো প্রায় ১১ বিলিয়ন ডলারের সম্পদ আটকে রেখেছে, যা আইনগতভাবে ভেনেজুয়েলার প্রাপ্য।

এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের ১৪ জন আইনপ্রণেতা হোয়াইট হাউসের কাছে পাঠানো এক চিঠিতে ভেনেজুয়েলার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান জানিয়েছেন। তাদের মতে, এসব নিষেধাজ্ঞা জরুরি ত্রাণ কার্যক্রম এবং পুনর্গঠন প্রক্রিয়াকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে পুনর্গঠনে প্রায় ৩৭ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে।

সূত্র: আল-জাজিরা