কলকাতা বিমানবন্দর মসজিদে নামাজ পড়ায় নিষেধাজ্ঞা, ১৬৩ ধারা জারি
কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে সংলগ্ন ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে শুক্রবার বিক্ষোভের ডাক দেওয়া হয়। এ পরিস্থিতিতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় ১৬৩ ধারা জারি করেছে প্রশাসন।
মুসলিম ধর্মাবলম্বীদের আন্দোলনের আহ্বান জানান রাজ্যের সাবেক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামান।
আরও পড়ুন: ইরানে বড় ধরনের বিজয়ের দাবি ট্রাম্পের
শুক্রবার (১৭ জুলাই) সকাল থেকে বিরাটি ও বাঁকড়া এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়, একসঙ্গে চারজনের বেশি জমায়েত করা যাবে না। নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
মসজিদে প্রবেশপথ এবং আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অবাঞ্ছিত কোনো ব্যক্তিকে সেখানে জমায়েত হতে দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী
১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ ‘বাঁকড়া মসজিদ’ নামেও পরিচিত। এটি কলকাতা বিমানবন্দরের ভেতরে অবস্থিত। কর্তৃপক্ষের দাবি, মসজিদটির অবস্থানের কারণে বিমান ওঠানামায় নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হয়।
সূত্র: সংবাদ প্রতিদিন





