চুক্তির আশায় ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প
ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তি হলে দেশটিতে পরিকল্পিত সামরিক হামলা বাতিল করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, “দ্রুত একটি চুক্তি করা সম্ভব হলে হামলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।” তার ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য চুক্তির শর্তের মধ্যে রয়েছে হরমুজ প্রণালি অবিলম্বে সম্পূর্ণভাবে খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান।
আরও পড়ুন: ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা
ট্রাম্প দাবি করেন, এই সিদ্ধান্ত ইসরায়েলের সঙ্গে সমন্বয় করেই নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে ইরানের জ্বালানি অবকাঠামোয় নতুন করে বড় ধরনের হামলার পরিকল্পনার খবর প্রকাশের পরই তার এই ঘোষণা আসে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি এমন সামরিক শক্তি নিয়ে” হামলার জন্য প্রস্তুত ছিল। তবে ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে সম্ভাব্য চুক্তির সুযোগ দিতে হামলা স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন: যেকোনো সময় ইরানে বড় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল
ট্রাম্প আরও দাবি করেন, সম্ভাব্য চুক্তির “মূল কাঠামো” নিয়ে সমঝোতা হয়েছে।
তবে ট্রাম্পের এ ঘোষণার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে শনিবার মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার এবং পরিস্থিতির অবনতি হলে দ্রুত এলাকা ছাড়ার প্রস্তুতি নিতে নিরাপত্তা সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের যৌথ হামলার পরিকল্পনা করছিল। শুক্রবার ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকেও এ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, এপ্রিলের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা ও বন্দর অবরোধ করেছে, অন্যদিকে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।





