পাকিস্তানে বিয়ের যাত্রীবাহী রিকশা খালে, নিহত ১২
পাকিস্তানের কোট আদ্দু জেলায় বিয়ের যাত্রীবাহী একটি দ্রুতগতির লোডার রিকশা খালে পড়ে ৬ শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে মুজাফফরগড় খালে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ ও পুলিশ জানিয়েছে, তিনটি লোডার রিকশায় করে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে লোমার ওয়ালা থেকে বাস্তি আরাইনের দিকে যাচ্ছিলেন যাত্রীরা। পথে সানাওয়ানে শেখো সুগার মিলের কাছে একটি রিকশা অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মুজাফফরগড় খালে পড়ে যায়।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে মার্কিন হামলায় জাহাজ অচল
দুর্ঘটনার পর রেসকিউ ১১২২-এর সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে অংশ নেন। তিনজন নিজে সাঁতরে খাল থেকে উঠে রেসকিউ ১১২২-কে খবর দেন। পরে উদ্ধারকারীরা স্থানীয়দের সহায়তায় ছয়জনকে জীবিত উদ্ধার করেন এবং প্রথমে তিনটি মরদেহ উদ্ধার করা হয়।
কোট আদ্দু রেসকিউ বিভাগের ইনচার্জ ওসামা জিশান পরে গণমাধ্যমকে জানান, খাল থেকে আরও নয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও আতেফ নাজিবের মৃত্যুদণ্ড
তিনি বলেন, খালে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ওসামা জিশান জানান, কোট আদ্দু ও মুজাফফরগড় জেলার আটজন ডুবুরি এবং ২২ জন সাঁতারু স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনাস্থল থেকে ৫, ৭, ১৫ ও ২০ কিলোমিটার দূর থেকেও মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে খালের প্রায় ৩২ কিলোমিটার এলাকায় তল্লাশি চালানো হয়েছে।
উদ্ধারকারীরা জানান, খালটির গভীরতা প্রায় ১২ থেকে ১৫ ফুট এবং প্রস্থ ১০০ থেকে ১২০ ফুট। এতে প্রতি সেকেন্ডে প্রায় ২ হাজার ৫০০ থেকে ৪ হাজার কিউসেক পানি প্রবাহিত হয়। কোট আদ্দু ও মুজাফফরগড় এলাকার প্রায় ৮ লাখ একর জমিতে এই খালের পানি সেচের কাজে ব্যবহৃত হয়। ফলে উদ্ধার অভিযান বেশ কঠিন হয়ে পড়েছে।
দুর্ঘটনাটি বিয়ের শোভাযাত্রায় অতিরিক্ত যাত্রী বহন এবং দ্রুতগতিতে অনুপযুক্ত যানবাহন ব্যবহারের ঝুঁকির বিষয়টি আবারও সামনে এনেছে।
এর আগে চলতি বছর পাকিস্তানের পাঞ্জাবের লোধরান জেলায় বিয়ের যাত্রী বহনকারী একটি বাস উল্টে অন্তত চারজন নিহত ও ২৮ জন আহত হয়েছিলেন।





