দায়িত্বে গাফিলতি হলে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নিচ্ছেন: রিজভী

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬ | আপডেট: ৩:৪৩ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারের দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর পদক্ষেপ নিচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তা হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি—দায়িত্বে অবহেলা করলে কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না।

শনিবার (৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী

রুহুল কবির রিজভী বলেন, মানবসভ্যতার জ্ঞান ও অগ্রগতিতে বইয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বই মানুষের চিন্তার জগতকে আলোকিত করে এবং অন্ধকার দূর করার জন্য একটি বড় প্রদীপের মতো কাজ করে।

তিনি বলেন, বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন না করলে মানুষের চিন্তার জগৎ যেমন সীমাবদ্ধ থাকে, তেমনি বহির্বিশ্ব সম্পর্কেও জানার সুযোগ কমে যায়। বইকে তিনি ‘মনের জগতের পাসপোর্ট’ হিসেবে উল্লেখ করে বলেন, এই পাসপোর্ট অর্জনের মাধ্যমে মানুষ নিজের চিন্তার জগৎকে সমৃদ্ধ করার পাশাপাশি বাইরের পৃথিবী সম্পর্কেও জানতে পারে।

আরও পড়ুন: জেআইসিতে তারেক রহমানকে নির্যাতনের তথ্য পেয়েছে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের পাঁচ মাসের কার্যক্রম প্রসঙ্গে রিজভী বলেন, সরকারের এই সময়ের বিভিন্ন উদ্যোগ, কার্যক্রম ও অর্জনের তথ্য বইটিতে পরিসংখ্যানসহ তুলে ধরা হয়েছে। বিভিন্ন ঘটনা বিচ্ছিন্নভাবে জানার পরিবর্তে সব তথ্য এক জায়গায় সংকলিত হওয়ায় বইটি ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হতে পারে।

সরকারের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর পাশাপাশি খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। সামনে হেলথ কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের চিত্রও বইটিতে তুলে ধরা হয়েছে।

রিজভী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই মাঠপর্যায়ে কাজ করছেন। দেশের বিভিন্ন এলাকা ঘুরে তিনি উন্নয়ন কার্যক্রম ও সরকারি উদ্যোগের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রতিশ্রুতিগুলো যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা দেখছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব পালনে কোনো গাফিলতি করছেন না। বরং কোনো কর্মকর্তা বা রাজনৈতিক ব্যক্তি দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি যারা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন, তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করা হচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনকল্যাণ, জনস্বার্থ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের মধ্যে যেগুলো বাস্তবায়িত হয়েছে এবং বাস্তবায়নের পথে রয়েছে, সেগুলোর বিস্তারিত চিত্র বইটিতে পাওয়া যাবে।

সরকারের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে রিজভী বলেন, একটি পক্ষ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এসব প্রচেষ্টার বিপরীতে সরকারের কার্যক্রমের তথ্য ও পরিসংখ্যান তুলে ধরতে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড, জনগণের প্রতি তাঁর দায়িত্ববোধ এবং সরকারের বিভিন্ন উদ্যোগের তথ্যসমৃদ্ধ একটি গ্রন্থ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। এর মাধ্যমে সরকারের ভালো কাজ সম্পর্কে মানুষ আরও স্পষ্ট ধারণা পাবে।

সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদ আউয়ালসহ আরও অনেকে।