ভারত সফর শেষে নিজেরই বর্জ্য সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:২৩ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বরাবরই নানা কৌতূহল রয়েছে। তবে বিদেশ সফরের সময় তার ব্যক্তিগত বর্জ্য পর্যন্ত সংগ্রহ করে দেশে ফিরিয়ে নেওয়ার একটি গোপনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, বিদেশ সফরের সময় পুতিনের ব্যবহৃত বাথরুমের বর্জ্য তার নিরাপত্তারক্ষীরা সংগ্রহ করে বিশেষভাবে সিল করা ব্রিফকেসে ভরে বিমানে করে রাশিয়ায় নিয়ে যান। ২০১৭ সালে ফ্রান্স সফর, ২০১৯ সালে সৌদি আরব সফর এবং একই বছর যুক্তরাষ্ট্রের আলাস্কা সফরের সময়ও এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

বিবিসির সাবেক সাংবাদিক ফরিদা রুস্তমোভার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ১৯৯৯ সালে ক্ষমতার শীর্ষ পর্যায়ে আসার পর থেকেই পুতিন বিদেশ সফরে এ ধরনের ব্যবস্থা অনুসরণ করছেন। সফরের সময় তার জন্য বহনযোগ্য বিশেষ টয়লেটও ব্যবহার করা হয় বলে দাবি করা হয়েছে।

পুতিনের বিদেশ সফরের নিরাপত্তা ব্যবস্থা পরিচালনার দায়িত্বে রয়েছে রাশিয়ার ফেডারেটর প্রোটেক্টিভ সার্ভিস (এফএসও)। দৃশ্যমান নিরাপত্তারক্ষীদের পাশাপাশি তার চারপাশে কাজ করে বিশেষ প্রশিক্ষিত নিরাপত্তা সদস্যদের একটি আলাদা বলয়।

আরও পড়ুন: হুথিদের বিরুদ্ধে হামলায় যোগ দিতে পারে ইসরায়েল

প্রতিবেদনে বলা হয়েছে, এলিট প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের (এসবিপি) সদস্যরা পুতিনের নিরাপত্তায় নিয়োজিত থাকেন। তাদের কঠোর শারীরিক ও মানসিক প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এসব নিরাপত্তাকর্মীর বয়স সাধারণত ৩৫ বছরের কম এবং উচ্চতা ১৮০ সেন্টিমিটারের বেশি।

পুতিনের খাবার নিয়েও নেওয়া হয় বাড়তি সতর্কতা। বিষপ্রয়োগের আশঙ্কা এড়াতে তার খাবার তৈরির আগে ব্যবহৃত উপাদান পরীক্ষাগারে পরীক্ষা করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর খাবার প্রস্তুত হওয়ার পর পুতিনকে পরিবেশনের আগে নিরাপত্তারক্ষীদের কেউ কেউ তা খেয়ে পরীক্ষা করেন বলেও দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পুতিন সাধারণত ফাস্টফুড ও রাতে অতিরিক্ত মাংস খাওয়া এড়িয়ে চলেন। সরকারি অনুষ্ঠানে তিনি আদা কিংবা গোলাপের চা পান করেন বলেও এতে উল্লেখ করা হয়েছে।পুতিনের বিদেশ সফরের পরিবহন ব্যবস্থাতেও রয়েছে বিশেষ নিরাপত্তা। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি গ্রেনেড প্রতিরোধী ও জরুরি অক্সিজেন ব্যবস্থাসম্পন্ন বিশেষভাবে সুরক্ষিত আউরাস সেনাট লিমুজিন ব্যবহার করেন।

এ ছাড়া বিদেশ সফরে রুশ প্রেসিডেন্টের জন্য ব্যবহৃত ‘ডুমসডে প্লেন’ হিসেবেও পরিচিত বিশেষ বিমানটির কথাও প্রতিবেদনে উঠে এসেছে। ইলিউশিন আইএল-৯৬-৩০০পিইউ উড়োজাহাজটিতে সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা, জিম ও চিকিৎসাকেন্দ্রসহ বিভিন্ন বিশেষ সুবিধা রয়েছে বলে জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, বিমানটিতে এমন যোগাযোগ ও কমান্ড ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে পারমাণবিক হামলার নির্দেশ দেওয়ার সক্ষমতাও রাখা হয়েছে। সূত্র: এনডিটিভি