দুই হত্যা মামলায় আইভীর জামিন
জুলাই মাসের আলোচিত দুটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-কে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আরও পড়ুন: খায়রুল হকের পাঁচ মামলার জামিন বহাল, রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ
অন্যদিকে, আইভীর বিরুদ্ধে থাকা আরও পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকবে কি না—সে বিষয়ে আগামী রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ সিদ্ধান্ত জানাবেন।
এর আগে, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে আসামি হিসেবে দেখানো হয়। পরবর্তীতে পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও আপিল বিভাগ সেই জামিন স্থগিত করে।
আরও পড়ুন: আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ
পরে ১৮ নভেম্বর নতুন করে আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ওই মামলাগুলোতেও তিনি জামিন পান। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পর সেসব জামিনের কার্যকারিতাও স্থগিত হয়ে যায়।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানা-য় দায়ের হওয়া দুটি হত্যা মামলায় একটি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং অন্যটি ২০২৫ সালের ৩০ জুন আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অপরটিতে ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।





