শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন সম্পাদক মাহমুদুর রহমান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:০২ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হন। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের সামনে তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রসিকিউশন জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও সাক্ষ্য দেবেন।

আরও পড়ুন: তনু হত্যা মামলায় হাফিজুর রহমানের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

এর আগে ৯ সেপ্টেম্বর মামলার ১৪তম দিনে ছয়জন সাক্ষী জবানবন্দি দেন। এ পর্যন্ত মোট ৪৫ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করেছে ট্রাইব্যুনাল। ৮ সেপ্টেম্বর তিনজন এবং ১ সেপ্টেম্বর ছয়জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। তাদের মধ্যে চিকিৎসক, সাংবাদিক, শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী রয়েছেন।

গত ২ সেপ্টেম্বর এ মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ৩৬তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। তিনি জানান, শেখ হাসিনা ও কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা সংঘটিত হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে ট্রাইব্যুনালের সামনে বহু অজানা তথ্য উন্মোচন করেন।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডের বিধান বহাল থাকায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালে প্রসিকিউটর

উল্লেখ্য, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে। মামলায় পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগপত্রে রয়েছে মোট ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠা। এর মধ্যে তথ্যসূত্র ২ হাজার ১৮ পৃষ্ঠা, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি ৪ হাজার ৫ পৃষ্ঠা এবং শহীদদের তালিকার বিবরণ ২ হাজার ৭২৪ পৃষ্ঠা। এ মামলায় সাক্ষী তালিকায় আছেন ৮১ জন। এর আগে, গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়।