কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে আনা হলো ১৫ সেনা কর্মকর্তাকে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫৪ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম ও নির্যাতন এবং চলতি বছরের জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় গ্রেপ্তার ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ জেল–প্রিজন ভ্যান লেখা শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ রঙের গাড়িতে করে আসামিদের ট্রাইব্যুনাল চত্বরে আনা হয়। এ সময় ট্রাইব্যুনাল এলাকা ও হাইকোর্টের মূল ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

আরও পড়ুন: রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের স্ত্রী, গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি পুলিশের

জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশন পাঁচটি অভিযোগ দাখিল করেছে। এ মামলায় ১৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ ট্রাইব্যুনাল-১ আদেশ দেবেন। এর আগে গত ৯ ডিসেম্বর এ বিষয়ে দিন ধার্য করা হয়েছিল।

এই মামলায় গ্রেপ্তার তিন সেনা কর্মকর্তা হলেন—ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য আসামিরা পলাতক রয়েছেন।

আরও পড়ুন: গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

এদিকে র‍্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর আজ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ৩ ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষে বিচার শুরুর আবেদন করেন।

এই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে সাব-জেলে রয়েছেন ১০ সেনা কর্মকর্তা। তারা হলেন—র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে), র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।

অপরদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় সংঘটিত ২৮ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। রেদোয়ানুল ছাড়া অপর আসামি হলেন বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলম। এ মামলায় আজ আসামিপক্ষ ও স্টেট ডিফেন্সের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা।

সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।