কোমরের পেশি মজবুত করতে ৩টি সহজ ব্যায়াম

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৪৬ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শরীরচর্চার ক্ষেত্রে অনেকেই বাড়তি ওজন কমানো কিংবা পেটের মেদ ঝরানোর ওপর গুরুত্ব দেন। তবে শরীরের ভার বহন ও দৈনন্দিন নানা কাজের চাপ সামলাতে কোমরের পেশির যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তা অনেকেরই নজর এড়িয়ে যায়। দীর্ঘ সময় বসে থাকা, ভারী জিনিস ওঠানো থেকে শুরু করে হাঁটাচলা ও শরীরের ভারসাম্য বজায় রাখা—সব ক্ষেত্রেই কোমরের পেশি সক্রিয় থাকে। তাই সুস্থ ও কর্মক্ষম থাকতে কোমরের পেশি শক্তিশালী রাখার দিকেও বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।

কোমরের নীচের অংশের শক্তি শুধু পিঠের পেশির উপর নির্ভর করে না। পেটের পেশি, নিতম্বের পেশি এবং কোর মাসলও কোমর ও মেরুদণ্ডকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। এই পেশিগুলো শক্তিশালী হলে হাঁটাচলা, ওঠাবসা, সোজা হয়ে দাঁড়ানো কিংবা শরীর ঝোঁকানোর মতো দৈনন্দিন কাজ সহজ হয়। 

আরও পড়ুন: শীতের আগেই টানা কাশি? নিউমোনিয়ার এই ৫ লক্ষণ অবহেলা করবেন না

কোমরের পেশির জোর বাড়াতে জিমে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতেই কয়েক মিনিট সময় দিয়ে অভ্যাস করতে পারেন তিনটি সহজ ব্যায়াম।

বার্ড ডগ

আরও পড়ুন: মুখোশের আড়ালে বন্ধুত্ব: চিনে নিন ৫টি ‘ভুয়া বন্ধুর’ লক্ষণ, যা ছোট মুহূর্তেই ধরা পড়ে

এই ব্যায়ামে শরীরের ভারসাম্য বজায় রেখে বিপরীত হাত ও পা প্রসারিত করতে হয়। এতে পেট, কোমর ও নিতম্বের পেশি সক্রিয় হয়। মেরুদণ্ডের স্থিতিশীলতা বাড়াতেও সাহায্য করে।

কী ভাবে করবেন: প্রথমে দুই হাত ও হাঁটু মাটিতে রেখে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে বসুন। হাত থাকবে কাঁধের ঠিক নীচে এবং হাঁটু নিতম্বের নীচে। পেটের পেশি টানটান রেখে ধীরে ধীরে ডান হাত সামনের দিকে এবং বাঁ পা পিছনের দিকে প্রসারিত করুন। হাত ও পা মেঝের সমান্তরালে রাখার চেষ্টা করুন। কয়েক সেকেন্ড এই অবস্থানে থেকে আগের ভঙ্গিতে ফিরে আসুন। এ বার বাঁ হাত ও ডান পা প্রসারিত করুন। দুই পাশ মিলিয়ে পাঁচ বার করে করুন।

গ্লুট ব্রিজ

দীর্ঘক্ষণ বসে থাকলে নিতম্বের পেশি অনেক সময় আড়ষ্ট হয়ে পড়ে। এই পেশিগুলি কোমর ও শ্রোণিদেশকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। গ্লুট ব্রিজ ব্যায়ামে নিতম্বের পাশাপাশি কোমর ও পেটের পেশিও সক্রিয় থাকে।

কী ভাবে করবেন: প্রথমে চিত হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করুন। পায়ের পাতা মেঝেতে রাখুন এবং দুই হাত শরীরের দু’পাশে রাখুন। এ বার পেটের পেশি টানটান রেখে ধীরে ধীরে কোমর ও নিতম্ব মেঝে থেকে তুলুন। কাঁধ থেকে হাঁটু পর্যন্ত শরীর যেন সরলরেখায় থাকে। কয়েক সেকেন্ড এই অবস্থানে থেকে ধীরে ধীরে কোমর নামিয়ে নিন। এ ভাবে ৮ থেকে ১০ বার করুন। কোমর অতিরিক্ত বাঁকিয়ে ফেলবেন না।

মডিফায়েড সাইড প্ল্যাঙ্ক

কোমরের দু’পাশের পেশি শক্তিশালী করতে এই ব্যায়াম কার্যকর। শরীরের ভারসাম্য বজায় রাখা এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে কাজ করার সময় কোমরের উপর চাপ সামলাতেও এই পেশিগুলির ভূমিকা রয়েছে।

কী ভাবে করবেন: এক পাশে কাত হয়ে শুয়ে পড়ুন। কনুই রাখুন কাঁধের ঠিক নীচে এবং হাঁটু ভাঁজ করে মেঝেতে রাখুন। এ বার কনুই ও হাঁটুর উপর ভর দিয়ে ধীরে ধীরে নিতম্ব মেঝে থেকে তুলুন। কাঁধ থেকে হাঁটু পর্যন্ত শরীর যেন একটি সরলরেখায় থাকে। স্বাভাবিক ভাবে শ্বাস নিতে নিতে ১০ থেকে ১৫ সেকেন্ড এই অবস্থানে থাকুন। তার পর নিতম্ব নামিয়ে নিন। অন্য পাশেও একই ভাবে ব্যায়ামটি করুন।

ব্যায়ামের সময়ে সতর্কতা

কোমরের ব্যায়াম করার সময় শরীরের নিয়ন্ত্রণ ও সঠিক ভঙ্গি বজায় রাখা জরুরি। শুরুতেই বেশি বার বা দীর্ঘক্ষণ ব্যায়াম করার চেষ্টা করবেন না। শরীর যতটা সইতে পারে, ততটাই করুন। ব্যায়ামের সময় ব্যথা বা অস্বস্তি হলে থেমে বিশ্রাম নিন। কোমরে আগে থেকে চোট বা সমস্যা থাকলে চিকিৎসক কিংবা প্রশিক্ষকের পরামর্শ নিয়ে ব্যায়াম শুরু করা উচিত।

এই তিনটি ব্যায়াম করলেই এক দিনে কোমরের পেশি শক্তিশালী হয়ে যাবে না। নিয়মিত অভ্যাসের পাশাপাশি দীর্ঘক্ষণ একটানা বসে থাকা এড়িয়ে চলুন। কাজের ফাঁকে উঠে কিছুক্ষণ হাঁটুন, শরীর সচল রাখুন। তাতেই কোমরের পেশির জড়তা কমাতে ও দৈনন্দিন কাজের সক্ষমতা বজায় রাখতে সুবিধা হবে।