আনসার-ভিডিপির প্রথম নারী অতিরিক্ত মহাপরিচালক হলেন ফাতেমা সুলতানা
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রথম নারী অতিরিক্ত মহাপরিচালক হলেন ফাতেমা সুলতানা। বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান সোমবার (২৬ জুন) বাহিনীর সদর দপ্তর অডিটরিয়ামে তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাঙ্ক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মো. নাজিম উদ্দিন এবং উপমহাপরিচালক (অপারেশনস) এ কে এম জিয়াউল আলম, বিভিন্ন পদবির কর্মকর্তা-কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা। ফাতেমা সুলতানা ২২ জুন উপমহাপরিচালক থেকে পদোন্নতি পেয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রথম নারী অতিরিক্ত মহাপরিচালক হওয়ার গৌরব অর্জন করেন। তার এই পদোন্নতিতে বাহিনীতে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হলো। এর আগে তিনি ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: দুই নেতার শীর্ষ বৈঠকের আগে দুই দেশের সম্পর্কের পুনর্বিন্যাসে গুরুত্ব
ফাতেমা সুলতানা ৮ম বিসিএসের মাধ্যমে ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর সহকারী পরিচালক হিসেবে আনসার ক্যাডারে যোগদান করেন। ঢাকা জেলায় সহকারী পরিচালক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময় তিনি সহকারী পরিচালক হিসেবে কুমিল্লা রেঞ্জ, সদর দপ্তরের যোগাযোগ, রেকর্ড (ব্যাটালিয়ন) ও প্রকল্প প্রশিক্ষণ শাখায় দায়িত্ব পালন করেন।
উপপরিচালক হিসেবে সদর দপ্তরের ভান্ডার, ভিডিপি প্রশিক্ষণ শাখা এবং আনসার-ভিডিপি একাডেমি, জেলা আনসার ও ভিডিপি কার্যালয় নারায়ণগঞ্জ এবং ৩৩ আনসার ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেন। পরিচালক হিসেবে সদর দপ্তরের আনসার প্রশিক্ষণ, সিএইচটি অপস শাখা এবং আনসার-ভিডিপি একাডেমিতে পরিচালকের (সদর) দায়িত্ব পালন করেন। এ ছাড়া উপমহাপরিচালক হিসেবে বাহিনীর রাজশাহী এবং ঢাকা রেঞ্জ কার্যালয়ে রেঞ্জ কমান্ডারের দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, সেবা নিশ্চিতের নির্দেশ
ফাতেমা সুলতানা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের পর মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষক প্রশিক্ষণ, বুনিয়াদী প্রশিক্ষণ এবং ইনফরমেশন নিড অ্যান্ড সিস্টেম ডিজাইন প্রশিক্ষণ সম্পন্ন করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে Vital installation security course সম্পন্ন করেন তিনি।





