জলাবদ্ধতা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির কর্মচারীদের ছুটি বাতিল

Shakil
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৩ | আপডেট: ১:২৪ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৩
ঢাকা-উত্তর-সিটি-লোগো
ঢাকা-উত্তর-সিটি-লোগো

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার স্বার্থে ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগ/শাখা সমূহের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ মাস্টাররোল শ্রমিকদের ছুটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। সোমবার (৩ জুলাই) দুপুরে নগরভবনে এক জরুরি সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ডেঙ্গু যাতে কোনভাবে শহরে ছড়িয়ে না পরে তাই সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি। জমে থাকা পানিতে এডিসের জন্ম হয়। বাসার ভিতরে, ছাদে, ও বারান্দায় কোথাও কোন পাত্রে যেন পানি না জমে সেটি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন তারেক রহমান

মেয়র আরও বলেন, টানা ভারী বৃষ্টির কারণে শহরে অনেক জায়গায় পানি জমে। দ্রুত সময়ে জলাবদ্ধতা নিরসন করে জনগণকে স্বস্তি দিতে কর্মীদের সার্বক্ষণিক মাঠে থাকার নির্দেশ দিয়েছি৷ সংশ্লিষ্ট সকলের ছুটি বাতিল করা হয়েছে। নগরবাসীর প্রতি অনুরোধ পলিথিনসহ অন্যান্য জিনিসপত্র ড্রেনে ফেলবেন না। এগুলো ড্রেনে ফেলায় ব্লক হয়ে পানির প্রবাহে বাধা সৃষ্টি হয়। সবাই সচেতন হলে কাজটা আমাদের কর্মীদের জন্য সহজ হয়ে যায়।