সাড়ে ৩ কেজি সোনাসহ শাহজালালে যাত্রী আটক

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১:০৯ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এক যাত্রীকে ৩ কেজি ৪৯৮ গ্রাম সোনাসহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দুবাই থেকে আসা এম মাসুদ ইমাম নামে এক যাত্রীর কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা জানিয়েছে, দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইনের ফ্লাইট ইকে ৫৮৪ রাত ১০টা ৪৬ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে এই ফ্লাইটে অভিযান চালানো হয়।

আরও পড়ুন: জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার

উড়োজাহাজটি ১০ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার পর ফ্লাইটের ‘২৬কে’ সিটের যাত্রী এম মাসুদ ইমামের পরিচয় নিশ্চিত করা হয়। তার দেহ তল্লাশি করে একটি চামড়ার মানিব্যাগের ভেতরে একটি বড় আকারের সোনার কয়েন (গোল্ড মেডেল) পাওয়া যায়, যা তিনি নিজের বলে স্বীকার করেন। তার কাছে আরও দুটি একই আকৃতির ও সদৃশ মানিব্যাগ উদ্ধার করা হয়, যার ভেতর একাধিক সোনার বার ছিল।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক ফারহানা বেগম জানান, ওই যাত্রীর দুটি মানিব্যাগ থেকে ২৮টি সোনার বার এবং একটি মানিব্যাগ হতে একটি বড় আকারের সোনার কয়েন পাওয়া গেছে। এরমধ্যে ২৮টি সোনার বারের ওজন ৩ কেজি ২৪৮ গ্রাম এবং সোনার কয়েনটির ওজন ২৫০ গ্রাম। সবমিলিয়ে মোট ৩ কেজি ৪৯৮ গ্রাম সোনা উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা। আটককৃত সোনা ঢাকা কাস্টম হাউসের মূল্যবান শুল্ক গুদামে জমা দেওয়ার কাজ চলছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর গাড়ি দেখলেই সালাম দিতেন তারা, এবার তাদের খবর নিয়ে খাওয়ালেন দুপুরের খাবার

চোরাচালান অপরাধ সংঘটিত হওয়ায় যাত্রীকে আটক করা হয় এবং বিমানবন্দর থানায় যাত্রীকে হস্তান্তর করে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে শুল্ক গোয়েন্দা।