বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে পাশে থাকতে চায় যুক্তরাজ্য
আর্থিক খাত সংস্কারে বাংলাদেশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য। একইসঙ্গে এদেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়াতে কাজ করার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটি হাইকমিশনার সারাহ কুক। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে না পারলে বিদেশি বিনিয়োগ আর বেসরকারি খাতের সম্প্রসারণ সম্ভব নয় বলে স্মরণ করিয়ে দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের সারাহ কুক বলেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতেও যুক্তরাজ্যের ব্যবসায়ীদের আগ্রহী করতে কাজ করছেন তারা।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত
তিনি আরও বলেন, অর্থ উপদেষ্টার চাওয়া মতো আর্থিক খাতের সংস্কারেও বাংলাদেশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য। বিদেশি বিনিয়োগ ও বেসরকারি খাতের সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে অন্তর্বর্তী সরকার আর্থিক খাতের সংস্কারের উদ্যোগ নিয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।
আলোচনায়, নারীর ক্ষমতায়নের পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাক খাতসহ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে কাজ করার আগ্রহ জানিয়েছে যুক্তরাজ্য।





