মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন গোলাম মাওলা রনি: প্রেস সচিব
রাজনীতিবিদ ও সাবেক এমপি গোলাম মাওলা রনির কড়া সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি টিভি টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন বলে অভিযোগ করেছেন প্রেস সচিব।
শুক্রবার (৪ জুলাই) শফিকুল আলম ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন। সম্প্রতি সময় টিভির এক টকশোতে তিনি দাবি করেছেন যে, নূর হোসেন—স্বৈরাচার বিরোধী আন্দোলনের কিংবদন্তি শহীদ—নাকি জনতার হাতে নিহত হয়েছেন!’
আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হচ্ছে ভারতীয় ভিসা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অথচ আমরা সবাই জানি, ১৯৮৭ সালের ১০ নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনীই গুলি করে হত্যা করেছিল নূর হোসেনকে, এমন তথ্য উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘প্রশ্ন হচ্ছে, রনি কি এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন?’
তিনি আরও বলেন, ‘দুঃখজনক বিষয় হলো, সময় টিভির সেই অনুষ্ঠানে উপস্থাপক এই নির্লজ্জ মিথ্যাচারের কোনো প্রতিবাদও করেননি। যখন আপনি মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর কণ্ঠকে প্ল্যাটফর্ম দেন, তখন আপনি নিজেও সেই অপরাধের অংশীদার হয়ে ওঠেন।’





