বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:২৩ পূর্বাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক ও গবেষক বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায় স্থান পেয়েছেন। একই গবেষণাভিত্তিক মূল্যায়নে বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর তালিকায়ও প্রথম স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার যৌথভাবে ৭ অক্টোবর ২০২৬ এ তালিকাটি প্রকাশ করে।

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকা তৈরিতে গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহ-লেখকদের গবেষণাগত প্রভাবসহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার মান ও প্রভাব মূল্যায়নের ক্ষেত্রে এ তালিকাকে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা হয়।

আরও পড়ুন: ঢাবি অধ্যাপক তাসনিম সিরাজকে ক্লাস নেওয়া থেকে অব্যাহতি

তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান পাওয়া ২২ শিক্ষক ও গবেষক হলেন— মো. রাকিবুল হক (৪৬,১০৪), আবদুস সালাম (৫৩,৫০৩), মো. মাহবুবুর রহমান (৫৬,২৫৫), তসলিম উর রশিদ (৬৭,০৪৯), মুহাম্মদ ইব্রাহিম শাহ (৬৭,২৮০), এম. রেজাউল ইসলাম (৮৪,৪৮০), সুবর্ণ বড়ুয়া (৯৪,২০৭), নেপাল চন্দ্র রায় (১,০১,৭৪৬), মো. কাওসার আহমেদ (১,১২,৫৩১), সৈকত মিত্র (১,২৪,২৯০), এম. এ. বি. এইচ. সুসান (১,৪৭,১২১), মোহাম্মদ মঈনুল ইসলাম (১,৫৬,৬৭০), মোহাম্মদ মিজানুর রহমান (১,৫৮,৯০৮), শেখ মো. মাহমুদুল ইসলাম (১,৯৮,৭০১), মো. আবদুস সালাম (২,০৬,৯১৮), খন্দকার সামাহের সালেম (২,৫২,৬৯৫), মোহাম্মদ ফেরদৌস (২,৭০,৫২৩), মোহাম্মদ আব্দুল মতিন (৩,০৭,১৩১), মো. আব্দুর রাজ্জাক (৩,৫০,৬৯১), এ. এস. এম. মাকসুদ কামাল (৩,৫৩,২৯৯), মো. আবদুর রশীদ (৩,৯২,৫৩৬) এবং অর্ক জ্যোতি চক্রবর্তী (৭,৪৩,৮৩৪)।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক ও গবেষকের স্থান পাওয়া অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। একইসঙ্গে বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান ও আন্তর্জাতিক প্রভাবের গুরুত্বপূর্ণ প্রতিফলন।

আরও পড়ুন: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মব করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, বিএনপি নেতা গ্রেপ্তার

উপাচার্য সংশ্লিষ্ট শিক্ষক ও গবেষকদের অভিনন্দন জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের উচ্চশিক্ষার অন্যতম প্রধান প্রতিষ্ঠান নয়, গবেষণা ও জ্ঞান সৃষ্টির ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকরা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মানসম্মত গবেষণা পরিচালনা করছেন এবং তাঁদের গবেষণা আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি পাচ্ছে।

তিনি আরও বলেন, গবেষণার পরিধি ও মান বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গবেষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং তরুণ গবেষকদের উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের আরও বেশি সংখ্যক গবেষক যেন আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ গবেষণায় অবদান রাখতে পারেন, সে লক্ষ্যেও কাজ চলছে।

এদিকে, একই গবেষণাভিত্তিক মূল্যায়নের আওতায় বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর তালিকাও প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে স্থান পেয়েছে।