নেকাব পড়ায় ছাত্রীকে মৌলবাদী আখ্যা

ঢাবি অধ্যাপক তাসনিম সিরাজকে ক্লাস নেওয়া থেকে অব্যাহতি

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:২০ পূর্বাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সাময়িকভাবে সব ধরনের ক্লাস নেওয়া থেকে অব্যাহতি দিয়েছে বিভাগটি। নেকাব পরা এক ছাত্রীকে ‘মৌলবাদী’ বলার অভিযোগে শিক্ষার্থীদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী।

তিনি জানান, শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগের জরুরি একাডেমিক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের অভিযোগ এবং সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে একটি রেজুলেশন নেওয়া হয়েছে। ওই সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষকের কোর্সগুলো অন্য শিক্ষকদের মধ্যে পুনর্বণ্টন করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিভাগীয় চেয়ারম্যান বা একাডেমিক কমিটির নেই। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী এ ধরনের ঘটনায় উপাচার্য, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। বিভাগ থেকে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

জানা গেছে, গত বুধবার (৭ অক্টোবর) ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১৫তম ব্যাচের একটি ক্লাসে ওই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরে কয়েকজন শিক্ষার্থী বিষয়টি বিভাগীয় চেয়ারম্যানকে লিখিতভাবে জানান।

আরও পড়ুন: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মব করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, বিএনপি নেতা গ্রেপ্তার

শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই জরুরি একাডেমিক কমিটির সভা ডেকে সংশ্লিষ্ট শিক্ষকের কোর্সগুলো অন্য শিক্ষকদের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আপাতত ওই শিক্ষককে আর ক্লাস নিতে হচ্ছে না।