এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ
জুলাই মাসের গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যা মামলায় এজাহারভুক্ত সকল পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ও মহাপরিদর্শক (আইজিপি) বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের (এনএলসি) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসামিদের সাময়িক বরখাস্ত করার আদেশ দিতে হবে।
আরও পড়ুন: হঠাৎ কেন দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ করলো সরকার
নোটিশে বলা হয়েছে, জুলাই-আগস্ট মাসের নৃশংস ঘটনায় করা সাত শতাধিক হত্যা মামলায় অনেক পুলিশ কর্মকর্তা এজাহারভুক্ত আসামি। আইনের মৌলিক নীতি হলো, কোনো মামলার এজাহারভুক্ত আসামি যদি তার দায়িত্বশীল পদে বহাল থাকেন, তাহলে মামলার তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও বিচারপ্রক্রিয়া ব্যাহত হওয়ার সুস্পষ্ট আশঙ্কা থাকে। বর্তমানে ওই কর্মকর্তারা পুলিশ বাহিনীর দায়িত্বশীল পদে বহাল থাকায় নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়।
অ্যাডভোকেট জুনু বলেন, যদি এ বিষয়ে অবিলম্বে কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তবে তিনি বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী উচ্চ আদালতের শরণাপন্ন হবেন।
আরও পড়ুন: কৃষকদের স্বচ্ছল করতেই ‘কৃষক কার্ড’ চালু: প্রধানমন্ত্রী
নোটিশে বাংলাদেশ সার্ভিস রুলসের কথা উল্লেখ করে বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে গুরুতর অপরাধের তদন্ত চলাকালে তাকে জনস্বার্থে সাময়িক বরখাস্ত করা যেতে পারে।
এছাড়াও, পুলিশ রেগুলেশনের বিধি অনুযায়ী, যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনা হয় বা মামলা দায়ের হয়, তবে কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব থেকে বিরত রাখতে পারে।
নোটিশে আরও বলা হয়, আইন অনুযায়ী পরিষ্কারভাবে প্রতীয়মান হয় যে এজাহারভুক্ত পুলিশ কর্মকর্তাদের পদে বহাল রাখা আইন, ন্যায়বিচার ও জনস্বার্থের পরিপন্থী। তাই অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।





